২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার, কারখানা ভাংচুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাত ঘোড়া সিমেন্ট কারখানার এক শ্রমিকের লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

রোববার দুপুরে আইলপাড়ায় শীতলক্ষ্যা নদীর জেটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্ল্যাহ।

নিহত বিল্লাল হোসেন (৩৮) সেভেন হর্স (সাত ঘোড়া) সিমেন্ট কারখানার ক্রেনের কনভেয়ার বেল্ট অপারেটর ছিলেন।

লাশ উদ্ধারের পর উত্তেজিত এলাকাবাসী কারখানার অফিস ও ছয়-সাতটি গাড়ির কাচ ভাংচুর করে। এ সময় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

বিল্লালের বাবা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিল্লাল শনিবার দুপুর ২টায় কাজে যোগ দেয়।রাত ৮টার পর সে নিখোঁজ হয়।কারখানার লোকজন তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।”

ওসি সরাফত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিল্লালের মাথায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে।বিল্লালের সঙ্গে বৃহস্পতিবার কারখানার কর্মচারী সুজনের ঝগড়া হয়েছিল। সেই সূত্র ধরে হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার আট শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

কারখানার ডিজিএম সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রেনের বেল্ট অপারেটর বিল্লাল হোসেন কিভাবে মারা গেছে তা আমরা জানি না।সকালে তার লাশ উদ্ধারের পর উত্তেজিত জনতা কারখানার নিরাপত্তা প্রহরীর অফিস কক্ষের জানালার কাচ ও আমাদের ছয়-সাতটি গাড়ির কাচ ভাংচুর করেছে।”

এ ঘটনায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ ছিল বলে তিনি জানান।