ঝিনাইদহে বিজিবি-গরু ‘চোরাচালানিদের’ সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় গরু চোরাচালানিদের সঙ্গে বিজিবির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার সন্ধ্যায় মহেশপুরের মাটিলা সীমান্তে এ সংঘর্ষ হয় বলে যশোর বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।
নিহত রফিকুল ইসলাম (৩২) মাটিলা গ্রামের মালেক চৌধুরীর ছেলে।
তবে গ্রামবাসীর দাবি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি; বিজিবি বিনা কারণে গুলি করেছে।
বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন চোরাচালানি ভারত থেকে গরু নিয়ে আসে।সীমান্তবর্তী মাটিলা বাজারে আসলে মাটিলা ক্যাম্পের টলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
“এ সময় চোরাচালানিদের পক্ষ নিয়ে আশেপাশের লোকজন বিজিবির উপর হামলা করে। তাদের ইটপাটকেলে বিজিবির নায়েক আব্দুর রশিদ আহত হয়। পরে বিজিবি ৫ রাউন্ড গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়।”
তবে কেউ আহত হয়েছে কী না তা জানাতে পারেননি বিজিবির এই কর্মকর্তা।
মাটিলা গ্রামের সৌরভ তরফদার নামে এক ব্যক্তি বলেন, “বিজিবির সাথে গ্রামবাসীর কোনো সংঘর্ষ হয়নি। একজন একটি গরু ভারত থেকে মাটিলা বাজারে নিয়ে এলে বিজিবি গিয়ে বলে ‘তোমরা কেন খবর দাও না’। এ কথা বলার পর পিটাতে থাকে।
“পরে গ্রামবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানাতে বিজিবি ক্যাম্পের সামনে গেলে তারা গুলি করে।”
নিহত রফিকুল মাটিলা বাজারের চায়ের দোকানি বলে জানান সৌরভ।
