পর্যটনে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী
দেশের কর্মজীবি মানুষদের সজীব রাখতে পর্যটন ও বিনোদনকেন্দ্র নির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, “আমাদের দেশের ১৬ কোটি মানুষকে পর্যটনে আকৃষ্ট করা দরকার। কর্মজীবি লাখো মানুষকে সজীব রাখতে দেশে অনেক পর্যটন, বিনোদন ও আনন্দকেন্দ্রের প্রয়োজন রয়েছে।
“এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।”
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের বান্দাবাড়ীতে ঢাকা রিসোর্টের উদ্বোধন ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে সাংবাদিকদের সাংবাদিকদের সামনের এসব কথা বলেন তিনি।
“সেজন্য আগে দেশের মানুষকে পর্যটনে আকৃষ্ট করতে হবে। একইসঙ্গে উন্নতমানের পর্যটনকেন্দ্র, বিশ্রামকেন্দ্র ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়ে কর্মমুখী মানুষকে সজীব রাখতে আমাদের ভূমিকা রাখতে হবে।”
তথ্য সচিব মরতুজা আহমদ, অতিরিক্ত তথ্য সচিব এস এম হারুন-অর রশিদ ও এ এস এম মাহবুবু হক, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল কবীর, পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. এমারত হোসেন সোহাগ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ঢাকা রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে পার্কের সুইমিং পোল ও ভোজনাগার ঘুরে দেখেন।
আগতরা দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
