২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  সংঘর্ষের পর পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 04:54 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

আহত পুলিশ সদস্যরা হলেন শৈলকুপা থানার এস আই ইকবাল কবির, কনস্টেবল মো. আলি, ইউসুফ আলি, নুরুল ইসলাম, ও আব্দুর রশিদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলার চর আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক।

আহত ২০ জনের মধ্যে ছয়জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটকরা হলেন ওই এলাকার শফি শেখ, আনোয়ার হোসেন, বশির উদ্দিন, ইব্রাহিম হোসেন ও ইদ্রিস আলি।

ওসি তোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চর আউশিয়া গ্রামের জমি নিয়ে সিরাজ আলির গ্রুপের সঙ্গে মক্কেল হোসেন গ্রুপের বিরোধ চলে আসছিল। সকাল ৮টার দিকে সিরাজের লোকজন জমি দখল করতে গেলে মক্কেল গ্রুপ বাধা দেয়।

এ নিয়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তিনটি বাড়িতে অগ্নিসংযোগ বলে জানান তিনি।

ওসি বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ সাত রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এবং পাঁচজনকে আটক করে বলে জানান তিনি।