বাঞ্ছারামপুরে এমপি-ওসিকে হুমকি, আটক ২
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের (বাঞ্ছারামপুর) সংসদ সদস্য ও ওসিসহ কয়েকজনকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ছলিমাবাদ বাজার থেকে আটক করা হয় আশরাফবাদ গ্রামের মনা মিয়ার ছেলে আঙুর হোসেন (৩০) ও মাতু মোল্লার ছেলে জগৎ মাওলা ওরফে সিদ্দিকুর রহমানকে (৪০)।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটককৃতরা ১০-১৫ দিন ধরে সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আমাকে একাধিকবার ফেসবুক স্ট্যাটাস ও মোবাইল এসএমএসে হুমকি দিয়েছে।
“তারা ‘এস.আর সংগঠন জামায়াত’ নামে একটি ফেসবুক আইডি থেকে হুমকি দিয়ে এই সরকারের তাঁবেদারি না করার আহ্বান জানায়।”
আটককৃতদের নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
