২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতু এলাকায় ট্রাক-মাইক্রো সংঘর্ষে শুল্ক পরিদর্শক নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শুল্ক পরিদর্শক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 01:47 AM

Updated : 11 Oct 2022, 07:41 PM

নিহত মুরাদুল ইসলাম (৩৯) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টম অফিসের শুল্ক পরিদর্শক। তিনি ঢাকার খিলগাঁও তালতলি এলাকার বাসিন্দা।

Image
মুরাদুল ইসলাম (ফাইল ফটো)

মুরাদুল ইসলাম (ফাইল ফটো)

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন নাটোরের সম্রাট (৩০), শিলং (২৫) ও শাহিন আলী (২৬)।

মাইক্রোবাসের যাত্রী আহত শাহেদ আলী বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা চারজন খিলগাঁও থেকে মাইক্রোবাসে করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। নিহত মুরাদ নিজেই মাইক্রোবাস চালাচ্ছিলেন।

ট্রাকের হেডলাইটের সংকেত ভুল হওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয় বলে শাহেদ দাবি করেন।

ওসি জানান, আহতদের রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ মুরাদকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুর্ঘটনার পর থেকে রাত দেড়টায়ও ঝাঐল পয়েন্ট দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ থাকতে দেখা গেছে। এ কারণে নলকা মোড় থেকে সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে মূলিবাড়ি দিয়ে বের হয়ে সেতুতে উঠছে যাহনবাহনগুলো।

ওসি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।