নোয়াখালীতে শিশুসহ গুলিবিদ্ধ ৩
নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম।
গুলিবিদ্ধরা হলেন পদিপাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (২২), মো. হাসান (১০) ও রিয়াদ হোসেন রাসু (১৫)। এদের মধ্যে হাসান পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হানিফুল বলেন, রাত সাড়ে ৮টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে পদিপাড়া বাজারে এসে গুলি করে পালিয়ে যায়।
কারা এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
গুলিবিদ্ধ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “রাতে বাবার জন্য পান কিনতে বাজারে এসেছিলাম। ওই সময় গুলি লাগে।”
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন জানান, শিশু হাসানের পা, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে এবং অন্যদের হাতে-পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
