মরদেহ নিয়ে ফেরার পথে লাশ হলেন জাবি ছাত্র
ময়মনসিংহের ভালুকায় আত্মীয়ের লাশ নিয়ে ফেরার পথে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন, আহত হন আরও দুইজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা হাইওয়ে থানার এসআই মারুফ রহমান।
নিহত ইয়াকুব আলী আবির (২৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. মসলেম উদ্দিনের ছেলে।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১২টার দিকে ইয়াকুবসহ তিনজন মিলে তাদের এক আত্মীয়ের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গফরগাঁও ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়।
ঘটনার পর ট্রাক ও এর চালক বাচ্চুমিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
