২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টমটম চালক ও সড়ক শ্রমিকদের সংঘর্ষে কোটালীপাড়ায় আহত  ১২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় টমটম চালক ও সড়ক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 11:05 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

কান্দি-কোটালীপাড়া সড়কের ধারাবাশাইল শেখ হাসিনা মহাবিদ্যালয় ছাত্রাবাসের সামনে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান অনামিকা ট্রেডার্সের শ্রমিক আবুল কাসেম থানায় অভিযোগ করেছেন, তারা ট্রাক থেকে পাথর নামানোর সময় কান্দি থেকে আসা টমটমের চালক সলেমান মিয়া ট্রাকচালক জব্বারকে সাইড দিতে বলেন।

এ নিয়ে কথাকাটাকাটি হলে সলেমান গিয়ে অন্য টমটম চালকদের ডেকে এনে তাদের উপর হামলা চালায় বলে কাসেমের অভিযোগ।

অপরদিকে ইজিবাইক ও টমটম চালক সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সরদার বলেন, “সড়ক শ্রমিকরা প্রথমে টমটম চালক সলেমানকে মেরেছেন। এতে টমটম চালকরা ক্ষিপ্ত হয়ে সড়ক শ্রমিকদের মারধর করেন।”

এ ঘটনায় আহত উভয় পক্ষের ৯ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  এবং তিনজনকে প্রাথমিক চিকিৎ দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক অসিৎ কুমার মল্লিক।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আলম মৃধা (৪০), আবুল কাশেম (৩৮), সুমন আলী (১৯), সিরাজ শেখ (৩২), জুয়েল শেখ (৩১), আলম মণ্ডল (৪২), আলী শেখ (২৬), মনোয়ার শেখ (৩২) ও আয়নাল মোল্লা (১৯)।

ঘটনার পর সড়ক শ্রমিকদের পক্ষ থেকে আবুল কাসেম কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানার ওসি আব্দুল লতিফ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান।