চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের হামলা
সিলেটে চাঁদা না পেয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
রোববার নগরীর উপশহর বি ব্লক মসজিদ মার্কেটের আল বারাকা টেলিকমে এ হামলার ঘটনা ঘটে বলে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান।
পরে বিকালে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে উপশহর-শিবগঞ্জ ও উপশহর-মেন্দিবাগ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে ব্যবসায়ীরা।
জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন আল বারাকা টেলিকমের স্বত্ত্বাধিকারী জাকির আহমদ।
তিনি বলেন, “গত কয়েকদিন ধরে জাকারিয়া আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। রোববার সকালে এসে আবার চাঁদা দাবি করেন তিনি।
“চাঁদা না পেয়ে বেলা ২টার দিকে কয়েকজন কর্মী নিয়ে এসে দোকানে হামলা ও ভাংচুর চালায়।”
এর আগেও চাঁদাবাজির অভিযোগে জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর উপশহরের ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছিলেন বলে দাবি করেন এ ব্যবসায়ী।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, ব্যবসায়ীরা উপশহর সড়ক অবরোধ করলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা ঘটনাস্থলে গিয়ে জাকারিয়াকে গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
জাকারিয়াকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
