২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধনাগার থেকে পালিয়ে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার

সংশোধনাগার থেকে পালিয়ে ছিনতাই করার সময় লালমনিরহাটে ধারালো অস্ত্রসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 09:07 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে এই কিশোর লালমনিরহাটে ছিনতাই করার সময় ধারালো অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়ে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

লালমনিরহাট সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান বলেন, সদর উপজেলার এই কিশোর হত্যাসহ একাধিক মাদক ও ছিনতাই মামলার আসামি।

“গত বছর ২০ মে রাতে সদর উপজেলার এয়ারপোর্ট রোডে ওষুধ ব্যবসায়ী ও জাতীয় পার্টির নেতা আকরামুল হক নয়নকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাতেই মোটরসাইকেল ও এই কিশোরসহ চারজনকে আটক করে পুলিশ।”

বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালত তাকে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠায়। সেখান থেকে দুই মাস আগে সে পালিয়ে আসে বলে  জানান এ পুলিশ কর্মকর্তা।