২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮৭ উপজেলা, ৩২১ পৌরসভায় সিসি ক্যামেরা বসছে

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ‘শিগগিরই’ রাজধানীসহ দেশের ৪৮৭টি উপজেলা সদর ও ৩২১টি পৌরসভা এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:31 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা সদর ও পৌরসভা এলাকায় এই ক্যামেরা বসানো হবে।

প্রতিমন্ত্রী পলক, “প্রাথমিকভাবে জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এমন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে। অপরাধীরা যেন কোনোভাবেই আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে না পারে।”

অনেক সময় সাক্ষ্য-প্রমাণের অভাবে অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে চলে যায় মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করলে তারা এ সুযোগ পাবে না।

“অনেক সময় প্রভাবশালী অপরাধীদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে চান না। সেক্ষেত্রে সিসি ক্যামেরাগুলো সাক্ষ্য-প্রমাণ নিশ্চিত করবে।”

‘দ্রুততম সময়ের মধ্যে’ এসব ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী পলক।

বর্তমানে দেশের ৪৮৯টি উপজেলা ও ৩২৩টি পৌরসভা রয়েছে।