পাবনা-সিরাজগঞ্জের বাস চলাচল স্বাভাবিক
দুদল শ্রমিকের হাতাহাতির জেরে দেশের বিভিন্ন অংশের সঙ্গে পাবনা ও সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ হওয়ার ১২ দিন পর আবার শুরু হয়েছে।
রোববার সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন রুটে এ দুই জেলার বাস চলাচল শুরু হয়।
শনিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া কার্যালয়ে পাবনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে নেতারা জানান।
এর আগে পাবনার বাস সিরাজগঞ্জের উপর এবং সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বাস পাবনার উপর দিয়ে চলতে পারেনি।
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে আলোচলার পর বাস চলাচল শুরু বিষয়ে শ্রমিক নেতারা একমত হন।
“একই সঙ্গে এই ঘটনা তদন্তে শ্রমিক নেতাদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।”
বৈঠকের পর রাত থেকেই দুয়েকটি বাস চলাচল করলেও রোববার সকাল থেকে সকল রুটে বাস চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয় বলে জানান তিনি।
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ জানুয়ারি পাবনা ও শাহজাদপুরের দুইটি বাসের শ্রমিকদের মধ্যে পাবনা বাইপাস মোড়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
“এরই জের ধরে ওই রাতে শাহজাদপুর বাসস্ট্যান্ডে শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা পাবনা এক্সপ্রেস নামের একটি পরিবহনের শ্রমিককে মারপিট করে; পাবনা-ঢাকা চলাচলকারী বেশকিছু বাসকে ঢাকা যেতে বাধা দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।”
এর পরপরই পাবনার মালিক ও শ্রমিকরা তাদের এলাকার উপর দিয়ে রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও খুলনা চলাচলকারী সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বাস বন্ধ করে দেয় বলে জানান তিনি।
