পাবনায় কৃষকনেতাকে গুলি করে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলায় কৃষক ও ক্ষেতমজুর সমিতির সহসভাপতিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৯টার দিকে চাচকিয়া গ্রামে নিজ বাড়ির সামনে নিহত আব্দুর রশিদ (৩৫) বাহাদুর প্রামানিকের ছেলে।
পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন ধরে চরমপন্থিরা আব্দুর রশিদকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
“এরই জের ধরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। কিছু বুঝে উঠার আগেই তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে চলে যায়।”
ওই গ্রামের বাসিন্দা ও একদন্ত ডেঙ্গার গ্রাম কলেজের প্রভাষক কোরবান আলী বলেন, “চরমপন্থি অধ্যুষিত এই এলাকাটিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। আমরা অনেকটা সন্ত্রাসীদের নিকট জিম্মি অবস্থায় বাস করি।”
ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে আটঘরিয়া থানার ওসি জিএম মিজানুর রহমান শুধু বলেন, “ঘটনার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।”
