৫ খুন: তালা দেওয়া ঘরের চাবি মিলেছে
নারায়ণগঞ্জে ঘরের ভিতর পাঁচজনকে হত্যার পর দরজা বন্ধ করা তালার চাবি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মামলার সন্দেভাজন আসামি মাহফুজকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহফুজের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর যে তালাটি দিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছিল ওই বাড়ি থেকে পুলিশ তার চাবি উদ্ধার করেছে।
অপরদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে এসে গেছে।
“তদন্তে পাওয়া ছোটখাটো বিষয়ও আমরা মিলিয়ে দেখছি। তদন্তের জন্য প্রতিটি মুহূর্তকে বিশ্লেষণ করছি এবং সেজন্য একাধিকবার ঘটনাস্থলে আসছি।”
ছোট ছোট বিষয়কে জোড়া দিয়ে ধারাবাহিকতায় মিলিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক প্রমুখ।
গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাসার তালা ভেঙে তার স্ত্রী তাসলিমা বেগম (৪০), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), শ্যালক মোরশেদুল (২৫) ও ছোট ভাই শরীফের স্ত্রী লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, তাদের শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত তাসলিমার স্বামী শফিকুল রোববার অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
এরপর শফিকুলের ভাগনে মাহফুজকে সন্দেভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।
মাহফুজের বিরুদ্ধে নিহতদের স্বজনরা নিহত লামিয়াকে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনেছে।
