২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সহোদর ২ শিশু মাদ্রাসাছাত্রকে হত্যা 

নিখোঁজের তিনদিন পর কক্সবাজারের রামু উপজেলায় সহোদর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

অপহরণের পর মুক্তিপণ না মেলায় তাদের হত্যা করা হয় বলে নিহতদের স্বজন ও পুলিশ বলছে।

রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, বুধবার ভোরে রামুর গর্জনিয়া এলাকার একটি খালে তাদের লাশ পাওয়া যায়। 

নিহতরা হলো ওই এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)। শাকিল বাইশারী শাহ নুরুদ্দিন মাদ্রাসার এবং কাজল বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকায় আটককৃতদের নাম প্রকাশ করেননি ওসি।

নিহতদের বাবা ফোরকানের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে এলাকার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলা করছিল শাকিল ও কাজল। এক পর্যায়ে তাদের আর দেখা যায়নি।

“এরপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা শাকিল ও কাজলের বাবার কাছে মোবাইল ফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল বলে জানান ফোরকান।”

ওসি আরও বলেন, ওই দিন রাতে ফোরকান থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ শাকিল ও কাজলকে উদ্ধারে অভিযানে নামে।

“সোমবার ও মঙ্গলবার পুলিশ ও এলাকাবাসী রামুর বড়বিল, থিমছড়ি, বাইশারী, ঈদগড়সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।”

তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুলতান আহমদ সিরাজী বলেন, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।