২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দা থেকে অপহরণের পাঁচদিনের মাথায় এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার সকালে ভাঙ্গার বিশ্বরোড মোড় থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন।

এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটক রুবেল (২০)  উপজেলার আশফরদী গ্রামের মোশারেফ খন্দকারের ছেলে।

উদ্ধার হেদায়েদউল্লাহ (১০) একই গ্রামের কামাল খন্দকারের ছেলে। উপজেলার জুঙ্গরদী কাশিমুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র সে।

ওসি আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার বিকালে হেদায়েদউল্লাহকে বোনের অসুস্থতার কথা বলে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে যায় রুবেল। পরে তাকে ঢাকায় নিয়ে আটকে রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“মুক্তিপণের পাঁচহাজার টাকা বিকাশ করে পাঠিয়ে রুবেলকে বাকি টাকা নেওয়ার জন্য ভাঙ্গায় আসতে বলে হেদায়েতউল্লাহর পরিবার। সকালে রুবেল মুক্তিপণের বাকি টাকা নেওয়ার জন্য হেদায়েতউল্লাহকে নিয়ে ভাঙ্গা বিশ্বরোড় মোড়ে এলে পুলিশ তাকে আটক করে।”

এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।