২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: বিএনপির সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় যুবদল নেতা আটকের কয়েকঘণ্টা পর বিএনপি নির্ধারিত স্থানের বদলে শহরের রাস্তায় সংবাদ সম্মেলন করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 02:12 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

সংঘর্ষে আহত মাদ্রাসাছাত্রের মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলা মামলায় আসামি ১২০০

অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর অবস্থানের কারণে সোমবার ডাকা সংবাদ সম্মেলনের স্থান পরিবর্তন করা হয় বলে দাবি করেন জেল বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবারের তাণ্ডবের পর থেকে জেলা শহরে বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

জহিরুল হক খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তাদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনস্থল ছিল জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির শহরের মোড়াইলের বাসভবনে।

কিন্তু বিজিবি, র‌্যাব ও পুলিশের উপস্থিতির কারণে তারা সেখানে সংবাদ সম্মেলন করেননি বলে জানান।  

এরপর দুপুর ১২টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তাদের সংবাদ সম্মেলনের বক্তব্য উপস্থাপন করেন জহিরুল হক খোকন।

লিখিত বক্তব্যে খোকন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

তিনি ওই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের হয়রান না করা এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

এর আগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ চারজনকে আটকের পর পুলিশ সহিংসতার ভিডিও ফুটেজে তাদের দেখা গেছে বলে দাবি করেছে।  

রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক আটক করা হয়।

এরা হলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহেদ, রাব্বি মিয়া (২০), শাজাহান মিয়া (২৫) ও ছোটন মিয়া (২৬)।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য সহিংস ঘটনার পর থেকে শহরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

শহরে পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র‌্যাব মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান, বিএনপিকে সংবাদ সম্মেলন করতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে।

গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পুলিশ-ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে আহত হন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে শহরজুড়ে তাণ্ডব চালায় সহপাঠীরা।

এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও রেলস্টেশন ভাংচুর করা হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাংচুরের পাশাপাশি সুর সম্রাটের স্মৃতিবিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্রও পুড়িয়ে দেয় মাদ্রাসাছাত্ররা।