২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের মেয়াদ বাড়ল এমপি লিটনের

শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায়  চতুর্থ বারের মতো জামিনের মেয়াদ বাড়ল গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফ সরকারি দলের এ সংসদের জামিনের সময় বাড়ানোর এ আদেশ দেন।

এর আগে গত ৮ ডিসেম্বর একই আদালতের বিচারক ১৭ জানুয়ারি পর্যন্ত তৃতীয় দফায় জামিনের সময় বৃদ্ধি করেছিলেন সাংসদ লিটনের।

লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, জামিনের মেয়াদ শেষের দিন স্থায়ী জামিন চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিনের সময় বাড়িয়েছেন।

এ সময় এমপি লিটন আদালতে হাজির ছিলেন।

গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি।  এ মামলায় আসামি করা হয় দশজনকে।

সৌরভ হত্যাচেষ্টা মামলায় গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন গত ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিন দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে হাজির করার পর জামিন আবেদন করলে তা নাকচ হয়।

দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবর একই আদালত দুটি মামলায় (হত্যাচেষ্টা এবং বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট) জামিন আবেদন নাকচ করে।

এরপর গত ৪ নভেম্বর একই আদালত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট মামলায় জামিন মঞ্জুর করলেও হত্যাচেষ্টা মামলায় জামিন নাকচ করে। পরে গত ৮ নভেম্বর হত্যাচেষ্টা মামলায়ও জামিন পাওয়ার পর মুক্ত হন তিনি।

পুরনো খবর:

কারামুক্ত এমপি লিটন সেই গাড়িতে গেলেন বাড়ি