সেতুতে ফাটল, সিলেটের পথে ট্রেন বন্ধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেল সেতুতে ফাটল দেখা দেওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ফাটলের ঘটনা ধরা পড়ার রোববার বেলা ২টার দিকে ওই সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করা হয় বলে শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “শ্রমিকরা কাজ করার সময় ভাড়াউড়া এলাকায় ১৫৭ নম্বর রেল ব্রিজের ফাটল তাদের নজরে আসে। পরে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে থামিয়ে দেওয়া হয়।”
এছাড়া কয়েকটি মালগাড়ি ও লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
রেলওয়ের পূর্ব বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী পীযূষ কান্তি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেতুর মূল পিলারের নিচের মাটি সরে পিলারটি কয়েক ইঞ্চি দেবে যাওয়ায় উপরের অংশ ভেঙে গেছে।”
ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
