বরগুনায় ব্যবসায়ীদের ধর্মঘট চলছে
হামলাকারীকে গ্রেপ্তারের দাবিত বরগুনা শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা।
রোববার সকাল থেকে জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির শনিবার সন্ধ্যায় ব্যবসায়ীদের এক সমাবেশে এই ধর্মঘটের ঘোষণা দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় অভিজিৎ তালুকদার অভির (২৭) ও তার বাহিনী প্রকাশ্যে দোকান লুট, মারধর, ভাঙচুর, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দীর্ঘদিন ধরে।
শনিবার সকালে এক বস্ত্র ব্যবসায়ী তার হামলার শিকার হওয়ার পর বরগুনার ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
ওইদিন দুপুর থেকেই তারা অভি ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেন।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন জানান, ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়ন ও সোহেল নামে অভির দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
“অভি ও তার অন্য সহযোগীরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।”
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শহরের তালুকদার ক্লথ স্টোরের মালিক সাইদুর রহমান শাহজাদা তালুকদার জানান, ৭-৮ দিন আগে তার ছোট ভাই মনু তালুকদারের সঙ্গে একটি ঠিকাদারি কাজ নিয়ে অন্য ঠিকাদারদের বাগবিতণ্ডা হয়। এরপর ‘সন্ত্রাসী’ অভি তার বাহিনী নিয়ে মনুকে মারধর করে।
ওই ঘটনায়ই শনিবার আবার ওই ‘সন্ত্রাসী বাহিনী’ তার বাসভবনে ও দোকানে সশস্ত্র হামলা চালায় বলে জানান তিনি।
শাহজাদা বলেন, দোকানে হামলা চালিয়ে ক্যাশবাক্স ভেঙে প্রায় ৫ লাখ টাকা লুট করেছে তারা। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হন সাইদুর রহমান শাহজাদা তালুকদার (৫৩), শাহজাহান মনু (৪২), নিলুফা বেগম (৭২), তুহিন (৩৫), মনির ব্যাপারী (৩৮) ও দিপু বিশ্বাসকে (৪৪)।
হামলার সময় অভির সঙ্গে সোহেল (২৫), প্রিন্স (২৪), মিঠু (২৬), সানি (২৪) ও অনুপমসহ (২৫) আরও বেশকয়েকজন ছিল বলে জানান তিনি।
চেম্বার অব কমার্সের সভাপতি বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবির বলেন, শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ এই অভি বরগুনায় একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
অভিকে গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান এই ব্যবসায়ী নেতা।
শহরের ব্যবসায়ী মাহবুব হোসেন বলেন, একের পর এক অভির সন্ত্রাসী কার্যকলাপে বরগুনার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অভির পেছনে বড় কোনো শক্তি থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
পৌর কাউন্সিলর রইসুল আলম রিপন বলেন, কেউ বসতবাড়ি নির্মাণ করতে গেলেও অভিকে চাঁদা দিতে হয়। এছাড়াও কলেজের ছাত্রাবাসে ঢুকে ছাত্রদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে মোবাইল ফোন নিয়ে আসে।
এসপি বিজয় বসাক বলেন, বিভিন্ন ঘটনায় অভিকে বেশ কয়েকবার আটক করা হয়েছিল। এবারের ঘটনার জন্য মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে কঠোরভাবে দমনের জন্য আইনগতভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
বরগুনা শহরের হাওয়াইপট্টি এলাকার মিষ্টির দোকানি গোবিন্দ তালুকদারের ছেলে অভিজিৎ তালুকদার।
