২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি শেষেও বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়

শীতকালীন ছুটি শেষে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুললেও কার্যত সবকিছু বন্ধ রয়েছে শিক্ষকদের কর্মবিরতির কারণে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 11:53 AM

Updated : 20 Aug 2022, 11:36 AM

শনিবার বেলা সাড়ে ১১টায় বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, সব ক্লাসরুম ও পরীক্ষার হল তালাবদ্ধ। বিভাগীয় অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা নেই।

আবাসিক হল খোলা থাকায় আগেই ক্যাম্পাসে এসেছে অনেক শিক্ষার্থী। তবে শিক্ষকদের কর্মবিরতির কারণে তারা ক্লাস-পরীক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন।

অপরদিকে আন্দোলন চলাকালে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলন চলাকালে তারা কোনো ক্লাস-পরীক্ষা নেবেন না।

একই কথা বলেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মো. আজিজুল হকসহ কয়েকটি বিভাগের সভাপতিরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন ১১ জানুয়ারি থেকে।

“ক্যাস্পাস খুললেও এ কর্মসূচি পালন করা হবে। দাবি মানা না হলে সোমবার থেকে আমরা কর্মবিরতির সঙ্গে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালন করব।”

গত ১ থেকে ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ছিল।