লুট করে আনা সন্দেহে ৪৬ মণ মাছ জব্দ
কক্সবাজারে জেলেদের কাছ থেকে লুট করে আনা সন্দেহে ৪৬ মণ রিঠা মাছ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার শহরের ফিশারি ঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছগুলো জব্দ করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন।
তবে মাছগুলো তার কেনা বলে দাবি করছেন ব্যবসায়ী শফিউল আলম বাঁশ।
মৎস্য ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে এসআই বলেন, কয়েকদিন আগে আমির হোসেন, নুরুল আমিন খোকা ও হাসানের ট্রলার থেকে মাছ ডাকাতি হয়েছে। এসব মাছ ব্যবসায়ী শফিউল আলম বাঁশি জলদস্যুদের কাছ থেকে কিনে বিক্রির জন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন।
ব্যবসায়ীরা বিষয়টিপুলিশকে জানালে মাছগুলো জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিষয়টি অস্বীকার করে শফিউল আলম বাঁশি বলেন, মাছগুলো লুটের নয়। তিনি আরেক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন।
তার ব্যবসায়িক প্রতিপক্ষরা উদ্দেশ্যমূলকভাবে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন বলেও দাবি করেন তিনি।
জব্দ করা মাছ জলদস্যুদের লুট করা কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মনোয়ার।
