পৌষ সংক্রান্তির মেলায় আড়াই মণের বাঘাড়
পৌষ সংক্রান্ততিকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হওয়া ঐতিহ্যবাহী মাছের মেলায় উঠেছে আড়াই মণ ওজনের বাঘাড়, যার দাম হাঁকা হচ্ছে আড়াই লাখ টাকা।
মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পাড়, মনুরমুখ, শ্রীমঙ্গল ঘাটের বাজার ও বড়লেখা-জুড়িসহ প্রায় ১০টি স্থানে বুধবার রাত থেকে বসেছে প্রায় দুইশত বছরের পুরনো এ মেলা।
সিলেট বিভাগের বিভিন্ন হাওড়-নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির এই বড় বড় মাছ সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ ভিড় করছেন এসব মেলায়।
মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদীসহ সিলেটের বিভিন্ন হাওর বাওরের মাছ নিয়ে বসেছে তিন দিন ব্যাপী এ মেলা। মাছ ছাড়াও মেলায় উঠেছে মাছ কাটা এবং ধরার সামগ্রীও।
এর মধ্যে শ্রীমঙ্গলের মাছের মেলায় উঠেছে আড়াই মণ ওজনের একটি বাঘাড় মাছ। যার দাম হাঁকানো হয়েছে আড়াই লাখ টাকা।
আর এ মাছটি কুশিয়ারা নদীর এক জেলের কাছ থেকে কিনে মেলায় নিয়ে এসেছেন শ্রীমঙ্গল লালবাগের মাছ ব্যবসায়ী সমর মিয়া।
সমর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাছটি ডিসপ্লে করার পর থেকে ক্রেতার চেয়ে উৎসুক জনতার ভিড়ই হচ্ছে বেশি। উপযুক্ত দামের ক্রেতা না পেলে পড়ে কিছুটা কমেও বিক্রি করবো।”
আরেক মাছ ব্যবসায়ী মফিজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলায় তিনি ৩৫ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের চিতল, ১৯ কেজি ওজনের কাতল এনেছেন।
