২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোমিও চিকিৎসক খুন: ২ শিবিরকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার বেলেখাল বাজারে হোমিও চিকিৎসক সমির আলি হত্যায় জড়িত অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার সকালে উপজেলার সুতিদুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর।

গ্রেপ্তাকৃতরা হলেন উপজেলার নারানপুর গ্রামের নুর ইসলামের ছেলে মিলন মিয়া (২৭) ও রামনগর গ্রামের তাইজেল হোসেনের ছেলে সফিকুল ইসলাম কাজল (২৩)।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো  হয়েছে বলে জানান তিনি।

গত ৭ জানুয়ারি দুপুরে বেলেখাল বাজারে নিজ চেম্বারে সমির আলিকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতেই তার ছেলে মনিরুজ্জামান সদর থানায় একটি হত্যা মামলা করেন।

সমির আলি ২০০১ সালে খৃস্ট ধর্ম গ্রহণ করেন বলে হত্যার পর ওয়ানওয়ে চার্চ বাংলাদেশের আঞ্চলিক কো অর্ডিনেটর হারুন অর রশিদ জানান। এ জন্য জঙ্গিরা তাকে হত্যা করেছে বলে দাবিও করেন তিনি।

তবে সমির আলীর ছেলে মনিরুজ্জামানের দাবি তার বাবা মুসলমান ছিলেন। নামাজ পড়তেন, রোজা রাখতেন।

পুরনো খবর:

ধর্মান্তরিত হওয়ায় হোমিও চিকিৎসক খুন?