২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর পর শিক্ষানবিস চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।  

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 04:24 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

সোমবার সকাল থেকে হাসপাতাল মূল ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা।

আন্দোলনরত চিকিৎসক আবু তোরাব মিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ‘সর্বোচ্চ চিকিৎসা দেওবার পরও’ বার্ধক্যজনিত কারণে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়।

“এরপর রোগীর স্বজনরা অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত এক নারী শিক্ষানবিস চিকিৎসকের উপর হামলার চেষ্টা করে।

“তাদের বাঁচাতে গিয়ে শিক্ষানবিস চিকিৎসক নাজমুল ও মোকাররম বেধড়ক মারপিটের শিকার হন।”

এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি আহবান করেছেন তারা। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তোরাব।

হামলার শিকার চিকিৎসক মোকাররম সাংবাদিকদের বলেন, “আমি তখন দায়িত্বরত ছিলাম, এ সময় হঠাৎ রোগীর স্বজনরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ডা. নাজমুলের উপর হামলা করে। এ সময় আমরা এগিয়ে গেলে আমাদের উপরও হামলা চালায়।”

বিষয়টি সকালে তারা লিখিতভাবে থানায় অবহিত করেছেন বলে জানান মোকাররম।  

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নারায়ণ চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। আশা করি শিগগিরই সমস্যার সমাধান করা হবে।”