২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা হত্যা: সান্তাহারের মেয়রসহ আসামি ৭৩

বগুড়ার সান্তাহারে যুবলীগ নেতা শফিকুল ইসলাম হত্যার ঘটনায় পৌর মেয়রসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার সকালে শফিকুলের বড় ভাই সান্তাহার সিএনজি মালিক সমিতির সভাপতি নূর ইসলাম আদমদীঘি থানায় মামলাটি করেন।

আদমদীঘি থানার ওসি শওকত কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় সান্তাহার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুসহ ২৩ জনের  নাম উল্লেখসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে আছেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এন এইচ মিলন, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, সান্তাহার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু, ইজিবাইক ব্যবসায়ী আঙ্গুর হোসেন, জাতীয় পার্টির নেতা শিবলী প্রমুখ।

আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহিন রেজা জানান।

শুক্রবার বগুড়ার সান্তাহারে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের সংঘর্ষে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম নিহত এবং ২৫ জন আহত হন।

এ ঘটনায় সোহাগ নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।