বঙ্গবন্ধুর সমাধিতে দুই কন্যার শ্রদ্ধা
বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুর পৌনে ১২টায় টুঙ্গিপাড়া পৌঁছার পরই দুই বঙ্গবন্ধুকন্যা তার সমাধিস্থলে যান।
সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দুই বোন কিছুক্ষণ নীরবে বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন।
ফাতেহা পাঠ করে বাবা, মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন বঙ্গবন্ধুর দুই মেয়ে।
এ সময় অন্যদের মধ্যে তাদের চাচা শেখ কবির হোসেন, চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, দলের গোপালগঞ্জ জেলা সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাববু আলী খান, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি শেখ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার খায়ের উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ বিতরণ করেন এবং টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বঙ্গবন্ধু ভবনে বিকাল ৩টা পর্যন্ত তার অবস্থানের কথা রয়েছে।
সেখানে বসেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেনে।
বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর ঢাকার পথে রওনা দেওয়ার কথা রয়েছে।
