২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটের ৩ শিক্ষককে নোটিস, একজনকে অব্যাহতি

দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিস এবং একজনকে অব্যাহতি দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 12:30 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ স্বাক্ষরিত পৃথক চিঠিতে বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিসপ্রাপ্ত শিক্ষকরা হলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ, সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বি ও প্রভাষক মো. আসাদুজ্জামান।

অব্যাহতি পাওয়া শিক্ষক হলেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া একই বিভাগের এস এম মাহবুবুর রহমান।

রেজিস্ট্রার বলেন, নিয়ম অনুযায়ী অনুমতি না নিয়েই তিন শিক্ষক গত ২৯ ডিসেম্বর ক্যাম্পাস ত্যাগ করেন। এছাড়া ছুটি নিতে হলে ক্লাস সমন্বয়ের কথা থাকলেও তারা কেউ তা করেননি।

“ফলে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়েও ফিরে যেতে বাধ্য হয়। এতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত এবং শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।”

এছাড়া অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত একই বিভাগের প্রভাষক মাহবুবুর রহমানের নিয়োগ আইন অনুযায়ী বাতিল করা হয়েছে বলে রেজিস্ট্রার জানান।

উপাচার্য মুহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিস এবং একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।