রাজশাহীর ৪ পৌরসভায় পরাজয়ের কারণ খুঁজতে আ. লীগের কমিটি
রাজশাহীর চারটি পৌরসভায় দল মনোনীত প্রার্থীর পরাজয়ের কারণ খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি করেছে জেলা আওয়ামী লীগ।
কেন্দ্রের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় এ তদন্ত কমিটি করা হয় বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
তিনি জানান, জেলার পুঠিয়া, চারঘাট, নওহাটা ও তানোর পৌরসভায় দলীয় প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। সেই পরাজয়ের কারণ খুঁজতে তিনটি তদন্ত কমিটি করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
আসাদুজ্জামান আসাদ বলেন, “দলের কিছু নেতার কারণে এ চার পৌরসভায় সামান্য ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে এমন অভিযোগ আনা হয়েছে।
“এর মধ্যে তানোর পৌরসভায় ১৩ ভোট, পুঠিয়ায় ২৭১ ভোট, চারঘাটে ১৩১ ভোট ও নওহাটায় ১ হাজার ৬৩ ভোট। এর মধ্যে পুঠিয়া, চারঘাট ও নওহাটায় দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন। যারা ২ থেকে ৪ হাজার পর্যন্ত ভোট পেয়েছেন।”
দলের বেশ কিছু নেতা গোপনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে বলে অভিযোগ রয়েছে বলে রাজশাহী জেলা আওয়ামী লীগের এ নেতা জানান।
