দেশের প্রথম সাইকেল লেন রাজশাহীতে
সাইকেল আরোহীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কের পাশে দেশের প্রথম সাইকেল লেন নির্মাণ করছে রাজশাহী সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত তিন হাজার ফুট রাস্তার পাশে সাইকেল লেন নির্মাণ করা হবে। যাতে ব্যয় হবে ৫২ লাখ টাকা।
নগরীর নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের সামনে রোববার এ সাইকেল লেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দীন উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
আশরাফুল ইসলাম আরও বলেন, নগরীর ঘোষপাড়া মোড় থেকে বর্ণালী মোড়, সিটি বাইপাস সড়কের বিলশিমলা মোড় থেকে কাশিয়াডাঙ্গা মোড়, বিলশিমলা বন্ধ গেট থেকে সিটি হাট, পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে পোস্টাল অ্যাকাডেমি পর্যন্ত ১০ কিলোমিটার সাইকেল লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
যাতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে জানিয়ে তিনি আরও বলেন, “অর্থ বরাদ্দ পেলে পর্যাক্রমে ওই সব রাস্তায় সাইকেল লেন নির্মাণ করা হবে।”
দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, “গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নগরীর কাদিরগঞ্জ মোড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক ও অটোরিকশার মাঝখানে পড়ে সংগীত শিল্পী ওস্তাদ এমদাদুল হক লালা মারা যান। এ ধরণের দুর্ঘটনা নগরীতে অহরহ ঘটছে।
“সাইকেল লেন করা হলেও মানুষের মাঝে সাইকেল চালানোর উৎসাহও বাড়বে এবং দুর্ঘটনা কমে যাবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের কোনো মহানগরীতে এই প্রথম সড়কের পাশে সাইকেল লেন নির্মাণ করা হচ্ছে। যে রাস্তার পাশে জায়গা পাব সেখানেই সাইকেল লেন নির্মাণ করা হবে।”
রাজশাহী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র কবির হোসেন বলেন, “আমার সাইকেল আছে। কিন্তু রাস্তায় যানবাহন বেড়ে যাওয়ায় তা চালানোর সুযোগ পাই না। অটোরিকশায় করে কলেজে যাওয়া আসা করি।
“সাইকেল লেন হলে সাইকেলে করেই কলেজ করার সুযোগ পাব।”
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্পিতা বলে, “দুই বছর আগে সাইকেল কিনেছি। কিন্তু সাইকেল চালানোর সুযোগ পাই না। রাস্তায় যান বাহনের ভিড় বেশি হওয়ার কারণে সাইকেল নিয়ে বের হতে দেয় না আব্বা-আম্মু।”
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দীন বলেন, “সাইকেল লেন নির্মাণের মূল লক্ষ্য কিশোর কিশোরীদের সাইকেল চালানোর সুযোগ সৃষ্টি করা হলেও সেখানে নির্বিঘ্নে হাঁটার সুযোগ পাবেন পথচারীরা। এ ধরনের লেন থাকলে সাইকেল চালক ও পথচারীরা রাস্তায় নামবে না। ফলে দুর্ঘটনাও কমে আসবে।”
