২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা নাগরিকদের উপর হামলা: ‘হোতা’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ চীনা নাগরিকের উপর হামলার ‘হোতাকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাঘবাড়ি এলাকা থেকে হামলার নেতৃত্বদানকারী মাঈনউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান।

মাঈনউদ্দিন জেলা বিএনপির সাবেক সভাপতি রোকন উদ্দিন মোল্লার ছেলে।

এর আগে সোমবার রাতে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বাদী হয়ে মাঈনউদ্দিন ও নিরাপত্তাকর্মী রফিকুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাম বলেন, মামলার পর বাঘবাড়ি এলাকা থেকে মাঈনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি রোকনউদ্দিন মোল্লার বন্ধ হয়ে যাওয়া আরএম গ্রুপের একটি স্থাপনার কয়েকটি গুদাম তার ছেলেদের কাছ থেকে ভাড়া নিয়ে সেখানে পাওয়ার লুম কারখানার বিভিন্ন মেশিন ও পার্স রেখে ব্যবসা করছিলেন কয়েকজন চীনা নাগরিক।

সোমবার রাত ৮টার দিকে আরএম গ্রুপের প্রধান ফটকের নিরাপত্তাকর্মী রফিকুল ওই ব্যবসায়ীদের ভেতরে ঢুকতে বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে চীনা ব্যবসায়ীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এর কিছুক্ষণ পর মাঈনউদ্দিনসহ ১০/১২ জন লোক লোহার রড দিয়ে পাঁচ চীনা ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

পুরনো খবর:

আড়াইহাজারে ৫ চীনা ব্যবসায়ীর উপর হামলা