২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ৫ চীনা ব্যবসায়ীর উপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ চীনা ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া গুদামের মালিকপক্ষের লোকজন ওই ব্যবসায়ীদের উপর হামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 01:02 AM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সোমবার রাত ৮টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় রড দিয়ে পিটিয়ে তাদের জখম করা হয় বলে জানান আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শামীম।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাঘবাড়ি এলাকায় সাবেক জেলা বিএনপির সভাপতি রোকনউদ্দিন মোল্লার বন্ধ হয়ে যাওয়া আরএম গ্রুপের একটি স্থাপনা রয়েছে।

“রোকনউদ্দিনের ছেলেদের কাছ থেকে বেশ কজন চীনা ব্যবসায়ী ওই স্থাপনার কয়েকটি গুদাম ভাড়া নিয়ে সেখানে পাওয়ার লুম কারখানার বিভিন্ন মেশিন ও পার্স রেখে ব্যবসা করেন।”

সোমবার রাত ৮টার দিকে আরএম গ্রুপের প্রধান ফটকের নিরাপত্তাকর্মী রফিকুল ওই ব্যবসায়ীদের ভিতরে ঢুকতে বাধা দেন। এ কারণে তার সাথে চীনা ব্যবসায়ীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এর কিছুক্ষণ পর রোকনউদ্দিন মোল্লার ছেলে মাঈনউদ্দিন মনুসহ ১০-১২ জন লোক লোহার রড দিয়ে পাঁচ চীনা ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে বলে জানান পরিদর্শক।

পাঁচ চীনা ব্যবসায়ী হলেন ওয়াং হুই (২৫), লিজি মিং (২৫), লি বাও ডং (৪৫), ছং ইয়া ফেং (৩৬) এবং ইয়াং উই ক্যাং (২৭)।

আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়েছে।

পাঁচজনেরই মাথাসহ দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল বলে জানিয়েছেন চিকিৎসক শামীম।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চীনা ব্যবসায়ীদের ইচ্ছা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এই চিকিৎসক।

তবে সাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অদুদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত চীনা ব্যবসায়ীদের ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে হামলার সাথে জড়িত নিরাপত্তাকর্মী রফিকুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রফিকুল নরসিংদী সদর থানার দিঘিরপাড় এলাকার জিন্নাত আলীর ছেলে।

রফিকুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, আসল হামলাকারী মাঈনউদ্দিনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হামলার কারণ সম্পর্কে পুলিশ কিছু বলেনি। রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

ওসি সাখাওয়াতসহ নারায়ণগঞ্জ খ অঞ্চলের এএসপি জহিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।