টাকার বিনিময়ে বিনামূল্যের বই বিতরণের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে সরকারি এক প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের বই বিতরণে শিক্ষার্থী প্রতি দুশ টাকা করে তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের তাঁতখানা এলাকায় ৮৯ নম্বর তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২শ’। সরকারি ঘোষণা অনুযায়ী পহেলা জানুয়ারি বই উৎসব করার কথ থাকলেও স্কুলটিতে তা পালিত হয়নি। আগামী ৫ জানুয়ারি সেখানে বই বিতরণ করার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ওই স্কুলে শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকে নতুন বই দেওয়ার কথা বলে দুশো টাকা করে নিতে দেখা যায়।
এ নিয়ে একাধিক অভিভাবক ক্ষুব্ধ কণ্ঠে অভিযোগ করেন, এই স্কুলে ২ জানুয়ারি থেকে বই দেওয়ার কথা বলে একটি টোকেন দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে দুশো টাকা আমি নিচ্ছি না, কমিটি নিচ্ছে। আমি এ ব্যাপারে কিছু জানি না।
“বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গাজী সেলিম আহমেদ এই টাকা নিচ্ছে। এই ব্যাপারে আমি অসহায়, আমার কিছু বলার নাই।”
টাকা আদায় প্রসঙ্গে স্কুল কমিটির সদস্য গাজী সেলিম বলেন, “এই স্কুলে তিনজন বেসরকারি শিক্ষক আছে, একজন পরিচ্ছন্ন কর্মী আছে, একজন আয়া আছে। এই ৫ জনের বেতন সরকার দেয় না। গত অভিভাবক দিবসে আমরা পরিচালনা পরিষদ এবং অভিভাবক মিলে এ সিদ্ধান্ত নিয়েছি।”
তবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও গোদনাইল ইউনিয়ন (বিলুপ্ত) আওয়ামী লীগের সভাপতি এম এ বারি বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গাজী সেলিম ও এস এম মাহবুব আলম, তারা দুজনে সিদ্ধান্ত নিয়ে এই টাকা নিচ্ছেন।”
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা সুলতানা চৌধুরী জানান, সরকারের নির্দেশনা রয়েছে কোন কিছুর বিনিময়ে সরকারি বিনামূল্যের বই শিক্ষার্থীদের দেওয়া যাবে না।
“বই দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ।”
বিষয়টি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাকে টেলিফোনে জানালে তিনি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
