বিচ কার্নিভালে মেতেছে কক্সবাজার
নতুন বছর বরণ আর মেগা বিচ কার্নিভাল ঘিরে মেতে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার।
শুক্রবার সাপ্তাহিক ছুটিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা থাকায় উপচেপড়া পর্যটকের সমাগম হয় সৈকতে।
নানা আয়োজনের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের গানে আনন্দে মেতে ওঠেন লাখো পর্যটক।
পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত ৩ দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভাল’ এর দ্বিতীয় দিন শেষ হয় সূর্যাস্তের মধ্য দিয়ে। দেশি-বিদেশি পর্যটকের সঙ্গে যোগ দেন হাজার হাজার স্থানীয়।
বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসব শেষ হবে শনিবার।
শুক্রবার সকাল ৭টায় হট এয়ার বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় কার্নিভালের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা। মাঝখানে জুমার নামাজের বিরতি ছাড়া একটানা সন্ধ্যা পর্যন্ত ছিল কার্নিভালের নানা আয়োজন।
সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলী পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে এ আয়োজনে উচ্ছ্বসিত ছিল পর্যটকরা ।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা, বিচ ফুটবল ও ক্রিকেট ম্যাচ। একই সঙ্গে ছিল বালু ভাস্কর্য, সাইক্লিং, ঘুড়ি উৎসব, লায়ন ড্যান্স, মাইক্রোলাইট এয়ারক্রাফট, সেইলবোট, প্যারাসেল, ফানুস ওড়ানোর দৃষ্টিনন্দন আয়োজন।
লাবণী পয়েন্টে বিচ কার্নিভাল মঞ্চে রাখাইন নৃত্য ছাড়াও ছিল সঙ্গীতানুষ্ঠান।
এতে একে একে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফকির শাহাবউদ্দিন, শফি মন্ডল, ভাইকিংস, চিরকুট, আঁখি আলমগীর ও এলআরবির আইয়ুব বাচ্চুর মতো জনপ্রিয় শিল্পীরা।
পরিরার নিয়ে উৎসবে আসা ঢাকার বারিধারার আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সত্যি কক্সবাজার এসে খুবই আনন্দ উপভোগ করছি। নতুন বছরের প্রথম দিনে সৈকতের নির্মল পরিবেশে দেশীয় সংস্কৃতির আবহে এ আয়োজন কক্সবাজারকে বিশ্বাবাসীর কাছে নতুন করে তুলে ধরেছে।”
পর্যটন শিল্পের বিকাশে এ রকম আয়োজন আরও বেশি বেশি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
সিলেটের আম্বরখানার নাছির উদ্দিন, খুলনার আতাউল হক, ঢাকার মেরুল বাড্ডার কামাল পারভেজও জানান আনন্দের কথা।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, কার্নিভাল ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কক্সবাজারে অবস্থান করছেন লক্ষাধিক পর্যটক। কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল এখন পর্যটকে ভরপুর। সেই সঙ্গে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতেও আনাগোনা চলছে বিপুল সংখ্যক পর্যটকের।
“প্রথমবারের মতো ‘মেগা বিচ কার্নিভাল’ আয়োজন হওয়ায় অন্য বছরের চেয়ে বেশি পর্যটক সমাগম ঘটেছে এবছর।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, পর্যটক আকর্ষণের জন্য ‘কার্নিভালের’ মতো আয়োজন থাকায় কক্সবাজার হয়ে উঠবে দেশের ‘পর্যটন শিল্পের ব্র্যান্ড’।
সেই লক্ষ্য নিয়ে পর্যটন বর্ষ-২০১৬ উদযাপনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সরকারি-বেসরকারি পর্যায়ে কক্সবাজারে নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
উৎসবের তৃতীয় ও শেষ দিন শনিবার অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায় এয়ার বেলুন ওড়ানোর মধ্য দিয়ে। ওইদিন অনুষ্ঠানে রয়েছে কাবাডি, মোরগ লড়াই, সার্ফিং, বান্দরবানের শিল্পীদের উপস্থাপনা ও সংগীত অনুষ্ঠান।
