উত্ত্যক্তে কলেজ ছাত্রীর আত্মহত্যা: এক আসামি কারাগারে
উত্ত্যক্তের কারণে মাগুরায় কলেজ ছাত্রী লোপার আত্মহত্যায় প্ররোচণার মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার মাগুরার বিচারিক হাকিম ইমতিয়াজুর রহমান এ আদেশ দেন।
শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি জিয়াউর রহমানকে মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
“শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”
জিয়াউর রহমান কাজলী গ্রামের নজরুল ইলামের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউরের হয়রানির শিকার হয়ে গত ১০ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা নগর এলাকার একটি মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লোপা।
এ ঘটনায় লোপার বাবা বাদী হয়ে জিয়াউর রহমান ও তার এক নারী সহযোগীর বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করেন বলে জানান ওসি।
লোপার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউর নানা কৌশলে লোপার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লোপাকে বিভিন্ন সময় অশালীন প্রস্তাব দিয়ে আসছিল।
“লোপা বিষয়টি আমাদের জানালে গত বছরের ২৫ অক্টোবর ঢাকার চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।”
তিনি আরও জানান, এ ঘটনা জানতে পেরে জিয়াউর গত ১০ ডিসেম্বর লোপাকে গালিগালাজ করে এবং ইন্টারনেটে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে লোপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
