২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জানুয়ারি ভোটে এলে এমন হতো না: কাদের

সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে বিএনপি 'ইতিবাচক' ভূমিকায় ছিল মন্তব্য করে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একই মনোভাব নিয়ে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 06:16 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

পুরনো খবর:

বিএনপি ডুবেছে খালেদার ভুলে: সুরঞ্জিত
পৌর ভোটে ধানের শীষের ভরাডুবি
পৌর ভোটে বিএনপির ‘রাজনৈতিক বিজয়’: ফখরুল

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে ছয়লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, "পৌর নির্বাচনে কেউ হারেনি, বিজয়ী হয়েছে গণতন্ত্র।

"এই নির্বাচনে তাদের ভূমিকা ছিল ইতিবাচক; এটি বজায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে।"

স্থানীয় সরকার আইন সংশোধনের পর এবারই প্রথম বাংলাদেশে দলীয় প্রতীকে পৌর নির্বাচন হল, যাতে সংসদ নির্বাচনের মতোই মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।  

দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর সরকার হটাতে আন্দোলন চালিয়ে ব্যর্থ বিএনপি এই পৌর নির্বাচনে অংশ নেওয়ায় সাত বছর পর কোনো ব্যালটে ধানের শীষ প্রতীকটি স্থান করে নিয়েছিল।

এর আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৫ জানুয়ারির নির্বাচনে বর্জনের পর টানা দ্বিতীয় মেয়াদের আওয়ামী লীগ সরকারের সময়েই উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্দলীয় নির্বাচনে দলীয় নেতাদের প্রার্থীতায় সমর্থন দেন বিএনপি।

এর মধ্যে গেল বছরে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে 'ব্যাপক কারচুপির' অভিযোগ এনে ভোটের মাঝপথে দল সমর্থিত প্রার্থীদের সরিয়ে নেয় তারা।

এবার পৌরভোটের আগে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা-ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীর এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে এলেও ভোটের মাঝপথ থেকে সরে যায়নি দলটি। তবে ২৩৪টি পৌরসভার মধ্যে ঘোষিত ২২৭টির ফলাফলে মাত্র ২২টিতে বিএনপির মেয়র প্রার্থীরা বিজয়ী হয়; আর আওয়ামী লীগের প্রার্থীরা জয় পায় ১৭৭টি মেয়র পদ।

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপিকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না বলে মনে করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, "৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে এরকম হতাশার আবর্তে নিমজ্জিত হতো না।

পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাময়িক বহিষ্কৃত নেতাদের বিষয়ে দলের সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ এই নেতা বলেন, "পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ১৭ জন বিজয়ী হয়েছেন। বিদ্রোহীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কার করা হবে কিনা সেটি দলীয় সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত হবে।

"তবে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের যেসব মন্ত্রী, এমপি মদদ দিয়েছে সভানেত্রী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।"

প্রকল্প পরিদর্শনের সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ফ্লাইওভার প্রকল্প ও মহাসড়কের ফোরলেন প্রকল্পের সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী প্রকল্পের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্পের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৮৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ১৪৫টি ব্রিজ-কালভার্টের মধ্যে ১৪৩টির কাজ শেষ হয়েছে। বাকি দুটির কাজও শেষ পর্যায়ে।

আগামী মে মাসের শেষ সপ্তাহে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান ওবায়দুল কাদের।