বিএনপি ডুবেছে খালেদার ভুলে: সুরঞ্জিত
খালেদা জিয়ার ‘ভুল রাজনীতির’ কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়ার বিকৃত, হঠকারী ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে।”
খালেদার ‘বিভ্রান্ত রাজনীতির’ কারণে বিএনপির সমর্থন ও ভোট দিন দিন ‘কমেছে’ মন্তব্য করে তাকে ‘দেশের বৃহত্তর স্বার্থে’ স্থিতিশীলতা বজায় রেখে ‘গণতান্ত্রিক ও সহনশীলতার’ ধারায় ফেরার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
“এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।”
গত বুধবার দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও মার্কায় যে নির্বাচন হয়েছে, তাতে সাতবছর পর মুখোমুখি লড়াইয়ে নামেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা।
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।
এই নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও ‘পরাজয় ঘটেছে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত।
যুদ্ধাপরাধীদের ‘ধর্মের কার্ড’ এবারের পৌরসভা নির্বাচনে কাজে দেয়নি মন্তব্য করে আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় কমিটির এই সভাপতি বলেন, “সাংবিধানিকভাবে দেশকে ধর্ম নিরপেক্ষ করার এটা একটা ভালো সুযোগ। এটাকে কাজে লাগিয়ে আমাদের বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।”
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপি যে ‘জনবিচ্ছিন্ন’ দলে পরিণত হয়েছে, তারই প্রমাণ মিলেছে পৌর ভোটের ফলাফলে।
“একটি দল যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তার বহিঃপ্রকাশ দেখেছি ৩০ তারিখের পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখে।”
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা না করে আত্মসমালোচনা করুন।”
নতুন বছরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনায় হাছান মাহমুদ বলেন, “সরকারের পতন চাইতে গিয়ে ইতোমধ্যেই বিএনপির পতন হয়ে গেছে।”
নতুন বছরে ‘সুস্থ গণতান্ত্রিক ধারায়’ ফিরে জনগণের আস্থা অর্জন করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
‘বাংলার মাটিতে রাজনীতি করতে হলে জয় বাংলা বলতেই হবে, বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিনেতা এটিএম শামসুজ্জমান।
