দিনাজপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরে পাঁচদিন আগে অপহৃত এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক নালায় মাহফুজা মিমি নামের ওই শিশুর মৃতদেহ পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান জানান।
আট বছর বয়সী মিমি ওই এলাকার মাহবুবুর রহমানের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ২৭ ডিসেম্বর মিমি নিখোঁজ হওয়ার পরদিন মুক্তিপণ চেয়ে তার বাবাকে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
“বিষয়টি নিয়ে মিমির বাবা থানায় মামলা করেন। এরপর আজ সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মিমিদের বাড়ির পাশের একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।”
এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ পাঁচজনকে আটক করার কথা জানালেও তাদের পরিচয় জানাননি ওসি খালেকুজ্জামান।
