বরগুনায় ভোটের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
বরগুনায় পৌর ভোটের মধ্যে সংঘর্ষের সময় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) কামরুল ইসলাম জানান।
নুরুল ইসলাম (৬৫) নামের ওই ব্যক্তি সদর উপজেলার ভূপতি গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে বলে জানান আরএমও।
ভোট চলাকালে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর সমর্থকরা বরগুনা পৌর এলাকার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন বলে রিটার্নং অফিসার মো. আবদুল্লাহ জানান।
বুধবার ভোটের সময় চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক।
