২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে নৌকার জয়

জামালপুরের সবকটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:48 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার ভোট গণনা শেষে এসব নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তারা।

জামালপুর পৌরসভা

জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের মির্জা সাখাওয়াতুল আলম মনি বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে রির্টানিং কর্মকর্তা মো. রাসেল সাবরিন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মির্জা সাখাওয়াতুল আলম মনি পান ৫৩ হাজার ৯১১ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ারেছ আলী মামুন পান ১২ হাজার ৬৬০ ভোট।

মির্জা সাখাওয়াতুল আলম মনি এর আগে দুই বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের চাচা।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিএনপির ওয়ারেছ আলী মামুন ও জাপার খন্দকার হাফিজুর রহমান বাদশা। এবার হেরে যাওয়া মেয়র ওয়ারেছ আলী মামুনও টানা দুইবার মেয়র ছিলেন।

জামালপুর পৌরসভায় মোট ৯৬ হাজার ৪৮৪  ভোট। এই পৌরসভার মোট ৪২টি কেন্দ্রের মধ্যে জাল ভোট ও ভোট কারচুপির অভিযোগে বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

মেলান্দহ পৌরসভা

জামালপুরের মেলান্দহ পৌরসভায় আওয়ামী লীগের সফিক জাহেদী রবিন বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে রির্টানিং কর্মকর্তা জন কানেডি জাম্বিল এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে সফিক জাহেদী রবিন পান ৯ হাজার ১৪৫ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদার পাশা পান ৭ হাজার ৪১৮ ভোট।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বীতা করেন তারা দুই জনই।

মেলান্দহ পৌরসভায় মোট ২১ হাজার ৫১ ভোট। এই পৌরসভার মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসলামপুর পৌরসভা

জামালপুরের ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে রির্টানিং কর্মকর্তা দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের শেখ পান ৯ হাজার ৭৫৫  ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ঢালী পান ৭ হাজার ১৬৮ ভোট। আব্দুল কাদের শেখ এর আগেও মেয়র ছিলেন।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল কাদের শেখ, রেজাউল করিম ঢালী, সাজেদ মোশারফ সেবক ও খোরশেদ আলম।

ইসলামপুর পৌরসভায় মোট ২৬ হাজার ৪২৫ ভোট। এই পৌরসভার মোট ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ পৌরসভা

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের শাহ নেওয়াজ শাহানশাহ জয়ী হয়েছেন।

বুধবার রাতে রির্টানিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে শাহ নেওয়াজ শাহানশাহ পান ১৬ হাজার ৪২১ ভোট। জগ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুন্নবী অপু পান ২ হাজার ১৪৯ ভোট।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ নেওয়াজ শাহানশাহ, নুরুন্নবী অপু ও বিএনপির একেএম মুসা।

দেওয়ানগঞ্জ পৌরসভায় মোট ২৬ হাজার ৭১৯ ভোটার রয়েছে। এই পৌরসভার মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী পৌরসভা

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মো. রোকনুজ্জামান রোকন জয়ী হয়েছেন।

বুধবার রাতে রির্টানিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন এই ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে রোকনুজ্জামান রোকন পান ১৮ হাজার ২৪৯  ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল কবীর তালুকদার শাহীন পান ৭ হাজার ৬৩২  ভোট।

মেয়র পদে এবার লড়েন রোকনুজ্জামান রোকন, ফয়জুল কবীর তালুকদার শাহীন, জাপার এনামুল হক জোয়ার্দার, মো. রুহুল আমীন সেলিম ও রফিকুল ইসলাম।

সরিষাবাড়ী পৌরসভায় মোট ৩৭ হাজার ৭০১ ভোট। এই পৌরসভার মোট ১৮টি কেন্দ্রের মধ্যে ভোট কারচুপির অভিযোগে বাউসী বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।