নওগাঁয় আ. লীগের বাধার ৩ ঘণ্টা পর ফল ঘোষণা
দলীয় প্রার্থীর পরাজয়ের লক্ষ্মণ দেখে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সদর পৌরসভার ফল ঘোষণার সময় হট্টগোল ও ভাংচুর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
তাদের বাধায় বন্ধ হয়ে যায় ফল ঘোষণা। এর প্রায় তিন ঘণ্টা পর বিএনপির মেয়র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর পৌরসভা ভোটের ফল ঘোষণা হচ্ছিল। রাত ৯টার মধ্যে ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টির ফল ঘোষণা হয়। এতে বিএনপির প্রার্থী নজমুল হক সনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান ছেখার আহমেদ শিষানের চেয়ে প্রায় দুই হাজার ভোটে এগিয়েছিলেন।
এ সময় আওয়ামী লীগ কর্মীরা সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন বলে নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান।
“তারা ফলাফল ঘোষণা বন্ধ করতে বলেন। রিটার্নিং অফিসার রাজি না হলে তারা ব্যাপক হট্টগোল করে কক্ষের আসবাব তছনছ করে এবং ল্যাপটপ, চেয়ার, টেবিল, দরজা, জানালা, ফুলের টব ভাংচুর করে।”
হামলাকারীরা এ সময় এটিএন বাংলার নওগাঁ প্রতনিধির ক্যামেরা ছিনিয়ে নেয় বলেও জানান তিনি।
এরপর ফল ঘোষণা স্থগিত হয়ে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা।
“আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে আছি। বাইরে আওয়ামী লীগের ক্যাডাররা রয়েছে। ফলাফল না নিয়ে আমরা যাব না।”
পরে রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলাম এই পৌরসভার ফল ঘোষণা করেন।
বিএনপির সনি ধানে শীষ প্রতীকে ৩৫ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শিষান নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩২ ভোট।
এর আগে জেলার অন্য পৌরসভা পত্নীতলা উপজেলার নজিপুরের ভোটের ফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা আমিরুল।
এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল কবির চৌধুরী নৌকা প্রতীকে ৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ধানের শীষে পেয়েছেন ৫ হাজার ৮৩২ ভোট।
