তারাবে পুনঃনির্বাচন দাবি বিএনপি প্রার্থীর
কারচুপি, জাল ভোটসহ বিভিন্ন অভিযোগ তুলে নারায়ণগঞ্জের তারাব পৌরসভার ভোট বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মো. নাসির উদ্দিন আহম্মেদ।
বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার দুইঘণ্টা আগে রূপঞ্জের বরপা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, “আমি কারচুপির বিষয়ে অন্তত ত্রিশবার প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করেছি। কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয়নি।”
নয়াপাড়া ভোট কেন্দ্রে নৌকায় সীল মারার সময় তিনি হাতেনাতে প্রিজাইডিং অফিসারকে ধরেছেন বলে দাবি করেন।
আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
“আমাদেরকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। তাই আমরা সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে এই ভোট গ্রহণ স্থগিত চাচ্ছি এবং পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।”
