উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন পৌর ভোট
বিভিন্ন স্থানে সংঘর্ষ, বর্জন, স্থগিতের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনায় দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ৮টায় দেশের ২৩৪ পৌরসভায় কড়া নিরাপত্তার মধ্যে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণের পর শেষ হয় বিকাল ৪টায়।
শীতের সকালে ঘন কুয়াশায় শুরুতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী-পুরুষরা কেন্দ্রে আসতে থাকেন।
কোনো কোনো এলাকায় পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা যায়।
কিছু কিছু কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
একটি পৌরসভা এবং অন্য পৌরসভার ১৭টি কেন্দ্র স্থগিত করা হয়েছে নির্ধারিত সময়ের আগেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ আর সংঘর্ষের কারণে।
এছাড়া ২৩ জন প্রার্থীর নির্বাচন বর্জনের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীও রয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রংপুর: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় প্রতিটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
বেলা ১১টায় পর্যন্ত নয়টি কেন্দ্রে গিয়ে এই চিত্র পাওয়া গেছে।
নারী ভোটের উপস্থিতির হার বেশির কারণ জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক বলেন, ভোট দিয়ে বাড়ি ফিরে সংসারের কাজ করবেন বলেই নারীরা সকাল সকাল ভোট দিতে আসেন।
“ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। এটাই চেয়েছিলাম,” বলেন তিনি।
নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় নারী ভোটার আমেনা বেগমের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট দিয়া বাড়িত ফিরি সংসারের কাম করা নাগবে। সেই জন্যে সকালেই ভোট দিব্যার আলচি।
“পছন্দের প্রার্থীক ভোট দিবার পাচ্ছি এতেই শান্তি।”
একই কেন্দ্রের ভোটার মোসলোমা বগেম বলেন, “গত নির্বাচনে দেরিতে আসিয়া ভোট দিব্যার পারি নাই। মোর ভোট আরেকজন দিয়া দেচে। এবার যাতে মোর ভোট কেউ দিব্যার না পায় সেজন্যে সকালে আসি ভোট দিনো। এবার কোনো ঝামেলা হয় নাই। শান্তিতে ভোট দিব্যার পাননো।”
ভোলা: সরেজমিনে গিয়ে ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় সকালে ঘন কুয়াশার মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
উৎসবমুখর পরিবেশে বান্দরবান ও লামা পৌরসভায় ভোট দিতে দেখা গেছে ভোটারদের।
সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতির বেশি দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোলে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ও শিবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানান।
সরেজমিনে সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও পুলিশ সুপার বশির আহম্মেদ শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
দিনাজপুর: দিনাজপুরের পাঁটি পৌরসভায় ভোট হয়েছে। এগালো হলো দিনাজপুর, বীরগঞ্জ, হাকিমপুর, বিরামপুর ও ফুলবাড়ী।
দিনাজপুর পৌরসভায় বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
তবে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোটারের উপস্থিতি প্রায় শূন্য ছিল।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার পর উপস্থিতি বেড়ে যায়।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঘন কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিতে দেখা গেছে।
জেলা সদরের মহিলা কলেজ, শিশু প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাঙামাটি: রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদালয়সহ কয়েকটি কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরও বাড়তে দেখা যায়।
বিভিন্ন কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কুড়িগ্রাম: উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কূয়াশায় সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে দেখা যায়।
দুপুরে কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্লাহ বলেন, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মাগুরায়: মাগুরায় সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর উপস্থিতি বেড়েছে। অনেক কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি প্রায় একই রকম দেখা গেছে।
নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া, বসুরহাট, চৌমুহনী ও চাটখিল পৌরসভায় ভোটরদের ব্যাপক উপস্থিতির খবর পাওয়া গেছে।
সকালে হাতিয়া পৌরসভার বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায়। ওই সময় ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের টহল দিতে দেখা গেছে।
