কুমিল্লায় ১২শ ব্যালট বাতিল
অবৈধভাবে সিল দেওয়ার অভিযোগে কুমিল্লার বড়ুরা উপজেলায় একটি কেন্দ্রের ১২শ ব্যালট পেপার বাতিল করা হয়েছে।
লতিফপুর কেন্দ্রে বুধবার ভোট শুরুর একঘণ্টা আগে এ ঘটনা ঘটে বলে জানান বড়ুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহার নাজিম।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে একদল যুবক কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেওয়া শুরু করলে আইশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
পরে তিনি (ইউএনও) গিয়ে সিল দেওয়া ১২শ ব্যালট পেপার উদ্ধার করেন এবং সেগুলো বাতিল করেন বলে জানান ইউএনও।
তবে কাউকে আটক করা যায়নি। কোন প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেওয়া হয় তা জানাননি তিনি।
