ভোট কেনার দায়ে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় ভোট কেনার দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর আলমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
ইউএনও নূরুল হাফিজ বলেন, “নূর আলম নির্বাচনী আইন লঙ্ঘন করে মঙ্গলবার সকালে লিফলেট নিয়ে বাড়ি-বাড়ি প্রচার চালাচ্ছিলেন। এ সময় তিনি পোস্টঅফিস পাড়ায় টাকা দিয়ে এক নারীর ভোট কেনেন।
“প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন অবৈধ প্রচার ও টাকা দেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।”
অভিযোগের সত্যতা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ডাদেশ হওয়া হয়েছে বলে জানান তিনি।
কাউন্সিলর প্রার্থী নূর আলম জরিমানার টাকা পরিশোধ করেছেন।
