২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকোনমিক জোন করার উদ্যোগ, চা শ্রমিকদের কর্মবিরতি

চা শ্রমিকদের জন্য বরাদ্দকৃত জমিতে ‘স্পেশাল ইকোনমিক জোন’ করার উদ্যোগের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে শ্রীমঙ্গলের চারটি চা বাগানের শ্রমিকরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:35 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহরে ভাড়াউড়া, সোনাছড়া, খাইছড়া ও জাগছড়া চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ সভাও করে।

প্রতিবাদ সভায় বক্তারা বেগমগঞ্জ চা বাগান ও আশপাশে খাস জমি থাকা সত্ত্বেও চা শ্রমিকদের জন্য বরাদ্দ ৫১১ হেক্টর জমিতে ইকোনমিক জোন করা হচ্ছে কেন জানতে চান।

প্রয়োজনে জীবন দিবেন কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের জন্য চান্দপুর চা বাগানের জমি দিবেন না বলে জানান তারা।

বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চা শ্রমিকরা।

সভা থেকে বুধবার সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি ঘোষণা করা হয়।

দেশব্যাপী সরকারের কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা রয়েছে, যার জন্য ইতোমধ্যে চান্দপুর চা বাগান এলাকায় ৫১১ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) বরাদ্দ করেছে সরকার।

চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানকান ব্রাদার্সকে (যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান ক্যামেলিয়া পাবলিক লিমিটেড কোম্পানি বাংলাদেশে এই নামে ব্যবসা পরিচালনা করে আসছে) দেওয়া লিজ বাতিল করে এই জমি বরাদ্দ দেওয়া হয়।

নির্ধারিত জমিটি চা বাগান এলাকায় 'ক্ষেতল্যান্ড' নামে পরিচিত চাষাবাদের জমি বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে প্রায় এক বছর ধরে আন্দোলন করে আসছেন সেখানকার চা শ্রমিকরা।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা কার্যকরী পরিষদের সভাপতি বিজয় হাজরা, ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি উজ্জল হাজরা, খাইছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি পুষ্প পাইনকা, জাগছড়া চা বাগানের সভাপতি রামদাশ ভূঁইয়া, শ্রমিক নেত্রী সন্ধ্যা রায়, সোনামনি তাঁতী প্রমুখ।