২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর মাইক্রোবাসে আগুন

বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীনা হাসিবুল হাসান শিপনের সমর্থকদের বহন করা একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

সোমবার বিকালে শহরের হাড়িখালী সরকরি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন মীনা হাসিবুল হাসান শিপন।

তিনি অভিযোগ করেন, সোমবার বিকেলে নির্বাচনী প্রচার কাজে ভাড়া করা মাইক্রোবাসটি নিয়ে তার নয় সমর্থক প্রচারণা চালাতে হাড়িখালী এলাকায় যায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে গাড়িটির গতিরোধ করে আরোহীদের মারধর করে।

পরে তারা দৌড়ে পালালে চালক কবিরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

তবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “নির্বাচনে পরাজয় বুঝতে পেরে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসিবুল হাসান আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।”

গাড়ির মালিক তাপস সাহা বলেন, “নির্বাচনের প্রচার কাজে ব্যবহারের জন্য স্বতন্ত্র মেয়র প্রার্থী শিপন এক মাসের জন্য আমার এই গাড়িটি ভাড়া নেন। বিকালে হাড়িখালী এলাকায় গাড়িটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।”

ওসি বলেন, পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচার কাজে নিয়োজিত মাইক্রোবাসে অগ্নিসংযোগকারীদের তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।