কুড়িগ্রামে আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে জানান ফায়ার ম্যান মাইদুল ইসলাম।
তিনি বলেন, “আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড শর্ট সার্কিট থেকে ঘটেনি, বাইরে থেকে কেউ অগ্নিসংযোগ করেছে।”
পৌর নির্বাচনের দুদিন আগে কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করছে আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, “পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মী সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে। আগুনে অফিসের টেলিভিশন, আসবাবপত্র ও ব্যানার-ফেস্টুনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।”
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞাসহ ৩০ জনের নাম উল্লেখ করে গোলাম হোসেন মন্টু একটি মামলা করেছেন বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি জমির উদ্দিন।
মামলার বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
তবে উলিপুর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল আলা তারিক চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আওয়ামী লীগ নিজেই অফিসে আগুন দিয়ে মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছে যাতে ভোটে প্রভাব পড়ে।”
