আচরণবিধি লঙ্ঘন: কুষ্টিয়ায় ৪ জনকে দণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কুষ্টিয়ায় চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী কুতুব উদ্দিনের কর্মী সাইফুল ইসলাম টুলু (৩৮) এবং কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জাকারিয়া খান জেমসের কর্মী হেলাল উদ্দিন (৪৮), উজ্জ্বল শেখ (৩০) ও টোকন শেখ (৪৮)।
টুলুকে তিন মাস এবং অন্য তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী প্রচারণা চালানোর সময় টাকা দিয়ে ভোট কেনার সময় পুলিশ আট হাজার টাকাসহ টুলুকে আটক করে।
“পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।”
কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, হেলাল, উজ্জ্বল ও টোকন শেখ শনিবার রাতে আচরণবিধি উপেক্ষা করে প্রচার চালানোর সময় পুলিশ তাদের আটক করে।
“রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেন বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার।”
